২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশুল দিয়ে ভারতীয় পণ্য পরিবহন শুরু

বাংলাদেশের বন্দর ব্যবহারের জন্য নির্ধারিত ফি দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের কাজ শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 05:07 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ নৌবন্দরে এই কার্যক্রম উদ্বোধন করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, “এই ট্রান্সশিপমেন্টের ফলে বাংলাদেশ সব দিক থেকে লাভবান হবে।”

এই প্রথম বাংলাদেশের অবকাঠামো ব্যবহারের বিনিময়ে ফি দিচ্ছে ভারত। এর আগে বিশেষ বিবেচনায় বিনা মাশুলে দুই দফায় আশুগঞ্জ নৌবন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় পণ্য নিয়েছিল ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় সংশোধিত প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) চুক্তি স্বাক্ষরিত হয়। সে চুক্তির আওতায় ট্রান্সশিপমেন্ট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এক হাজার চার মেট্রিক টন ভারতীয় লৌহজাত পণ্য বহনকারী এমভি নিউটেক-৬ নামের একটি জাহাজ কলকাতা থেকে বুধবার বিকালে আশুগঞ্জ বন্দরে পৌঁছে।

এখন তা যাচ্ছে সড়ক পথে আগরতলায়। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান।

বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক (বন্দর) এসএম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রথম মাশুলসহ পণ্য পরিবহন করতে যাচ্ছে ভারত। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় এসব পণ্য পরিবহনে প্রতি টনে ১৯২ টাকা ২২ পয়সা হারে মাশুল আদায় করা হবে।”

এছাড়া ভয়েজ পারমিশন ফি, পাইলট ফি, অবস্থান ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল চার্জ ও লেবার হোলিং চার্জসহ বাংলাদেশ ২ লাখ ৯৫ হাজার ৩৬৫ টাকা পাবে বলে জানান তিনি।

মন্ত্রী শাজাহান খান আওয়ামী লীগ সরকারের অবস্থান তুলে ধরে ট্রান্সশিপমেন্ট সম্পর্কে বলেন, “বাংলাদেশ কোনো দেশের লেজুড়বৃত্তি করে না। ভারতেরও লেজুড়বৃত্তি করে না।”

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, স্থানীয় জেলা প্রশাসক মু. মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।