উপজেলা পরিষদ ভাংচুর: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ ভাংচুর ও লুটপাটের মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফুলছড়ি থানার ওসি খায়রুল বাশার।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (২৮) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
তিনি ফুলছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনিক ভবনে হামলা, ভাংচুর ও লুটপাট মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ওসি।
পুলিশ কর্মকর্তা খায়রুল জানান, গত ৬ জুন উপজেলার ফুলছড়ি ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ করে এলাকাবাসী। এক পর্যায়ে বিক্ষোভকারীরা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়সহ উপজেলা প্রশাসনের সাত অফিস ভাংচুর ও লুটপাট করে।
এ ঘটনায় ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগের ৫৭ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরও ১৫০ জনকে আসামি করে ফুলছড়ি থানায় একটি মামলা করেন বলে জানান ওসি।
