২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেশার ঘোরে’ ঝগড়া, ভাইকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কথা কাটাকাটির জেরে এক যুবককে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 12:29 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বুধবার গভীর রাতে উপজেলার পৌর শহরের ঝিকিড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান।

নিহত সোহাগ (২১) উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে। সোহাগের বড় ভাই শাকিলকে (২৩) আটক করেছে পুলিশ।

এসআই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাড়িতে ‘নেশাগ্রস্ত অবস্থায়’ দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল বটি দিয়ে সোহাগের গলায় কোপ দিলে তিনি গুরুতর জখম হন।

“সোহাগকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বাড়ি থেকে শাকিলকে আটক করে পুলিশ।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।