২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানববন্ধনে তনুর ভাই, দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান

কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর বাবার পর ভাই আনোয়ার হোসেন রুবেলও দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 01:43 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

পুরনো খবর:

তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে

বুধবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানববন্ধনে তনুর ভাই ছাড়াও কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তনুর সহপাঠী, গণজাগরণ মঞ্চের কর্মী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনের ব্যাপারে আনোয়ার হোসেন রুবেল বলেন, মেডিকেল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্তের যে রিপোর্টটি দিয়েছে তা ‘ভুয়া’ এবং ‘নিজেরা’ বানিয়েছে।

রিপোর্টটি প্রত্যাখান করে তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয় নিয়ে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে তনুর বাবা-মাকে গণমাধ্যমে কথা বলতে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ করে রুবেল।

মানববন্ধনে কুমিল্লা গণজাগরণ মঞ্চের মুখপাত্র খায়রুল আলম রায়হান বলেন, ৯০ দিনের মধ্যে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী ২০ জুন কুমিল্লার পূবালী চত্বরে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

গত ২০ মার্চ খুনের পর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকরা বলেছিলেন, তনুকে হত্যার আগে ধর্ষণের কোনো প্রমাণ তারা পাননি।

কিন্তু ডিএনএ পরীক্ষার পর সিআইডির পক্ষ থেকে জানানো হয়, খুনিরা তনুকে ধর্ষণও করেছিল; তার ডিএনএ নমুনা তারা পেয়েছেন।

আলোচিত এই খুনের প্রথম ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন ওঠার পর আদালতের নির্দেশে ৩০ মার্চ দ্বিতীয়বার ময়নাতদন্ত করেন কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসকরা।

তারপর দীর্ঘ সময়েও তারা প্রতিবেদন দিতে না পারায় সমালোচনা হয়। তনুর বাবা ইয়ার হোসেন ওই চিকিৎসকদের উকিল নোটিসও পাঠান।

দ্বিতীয় ময়নাতদন্তের আড়াই মাস পর গত ১২ জুন পুলিশকে প্রতিবেদন দেয় চিকিৎসক দল।

ওই প্রতিবেদনে ‘সেক্সুয়াল ইন্টারকোর্স’ হওয়ার কথা বলা হয়। তবে তা ধর্ষণ কি না সে বিষয়টি এড়িয়ে যান কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা, যার নেতৃত্বে দ্বিতীয় ময়নাতদন্ত হয়।   

ওই রিপোর্টকে ‘বানানো’ ও ‘ভুয়া’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেন তনুর বাবা ইয়ার হোসেন।

ময়নাতদন্তকারী চিকিৎসক দলের সদস্য কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কামদা প্রসাদ বলে আসছিলেন, সিআইডির ডিএনএ টেস্টের প্রতিবেদন পেলেই তারা প্রতিবেদন দিতে পারবেন। এ নিয়ে কিছুদিন টানাপড়েনও চলে।

চিকিৎসকদের পক্ষ থেকে তনুর দাঁত ও লালা পরীক্ষার প্রতিবেদন চাওয়া হয়েছিল মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে। তখন সিআইডি বলেছিল, এগুলোর আলাদা কোনো প্রতিবেদন তারা করেনি।

এই প্রেক্ষাপটে কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নাব বেগম পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন চিকিৎসকদের সরবরাহের নির্দেশ দেন। চিকিৎসকার ওই প্রতিবেদন হাতে পান গত ৭ জুন।

সেনানিবাস বোর্ডের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে নিজেদের কোয়ার্টার থেকে অন্য কোয়ার্টারে ছাত্র পড়াতে গিয়ে খুন হন। 

ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ উদ্ধারের সময় পুলিশ ধর্ষণের সন্দেহের কথা জানালেও প্রথম ময়নাতদন্তের পর চিকিৎসকরা ধর্ষণের প্রমাণ না পাওয়ার কথা জানান। এ নিয়ে সারাদেশে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়।

আর সেনানিবাসের ভেতরে তনুর লাশ যেখানে পাওয়া গিয়েছিল, সেখান থেকে আলামত সংগ্রহ করে তার পরীক্ষা চালায় সিআইডি।