চট্টগ্রামে ব্যাংকের নিরাপত্তাকর্মী খুনে গ্রেপ্তার ১
কক্সবাজারের মহেশখালী থেকে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, যিনি চট্টগ্রামে একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী খুনের মামলার আসামি।
গ্রেপ্তার মো. সরওয়ার কামাল (৩০) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে।
সোমবার রাতে উপজেলার কালারমারছড়ার চালিয়াতলী বালুরডেইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান।
গত বছরের ৯ মে চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. ইব্রাহিমের (৩৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। আগের রাতে ইব্রাহিমকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
পরদিন ব্যাংকের মুরাদপুর শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা আলী নেওয়াজ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় তিন-চার জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওসি বাবুল বণিক বলেন, “গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে চালিয়াতলী বালুরডেইল এলাকার থেকে একটি দেশি অস্ত্রসহ সরওয়ারকে গ্রেপ্তার করা হয়। ওই যুবক চট্টগ্রামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মী খুনের ঘটনার আসামি।”
মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলে জানান তিনি।
