ময়মনসিংহে ‘বাংলা ভাইয়ের সহযোগী’ গ্রেপ্তার
জঙ্গি দমনে সারা দেশে সাঁড়াশি অভিযানের মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় বিভিন্ন মামলার আসামি এক ‘জেএমবি সদস্যকে’ গ্রেপ্তার করা হয়েছে, যাকে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠনের সাবেক নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ‘ঘনিষ্ঠ সহযোগী’ বলছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার বিন্নাকুড়ি গ্রাম থেকে গরীবুল্লাহ আকন্দ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে মুক্তাগাছা থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান।
তিনি বলেন, “গরীবুল্লাহর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। সে বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড ছিল।”
বিন্নাকুড়ি গ্রামের আজিতউল্লাহ আকন্দের ছেলে গরীবুল্লাহ এক সময় জামালপুরের বন্দচিতলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। ২০১৪ সালের ডিসেম্বরেও একবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
বাংলা ভাই ও তার সহযোগীরা ২০০৪ সালের ২০ মে নওগাঁ জেলার রানীনগর উপজেলায় ইদ্রিস আলী ওরফে খেঁজুর আলী ও আব্দুল কাইয়ুম বাদশাকে হত্যা করে। পরে বাদশার মরদেহ উল্টো করে গাছে ঝুলিয়ে রাখা হয়; খেঁজুর আলীকে টুকরো টুকরো করে লাশ পুঁতে ফেলা হয় মাটিতে।
গাছে লাশ ঝুলিয়ে রাখার সেই ছবি সংবাদমাধ্যমে এলে দেশজুড়ে রাতারাতি পরিচিত হয়ে ওঠে ‘বাংলা ভাই’ নামটি।
২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি সরকার জেএমবি ও জেএমজেবির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলে ওই বছর ১৭ অগাস্ট ৬৩ জেলায় একযোগে বোমা ফাটিয়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি।
ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যার দায়ে ২০০৭ সালের ৩০ মার্চ জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ছয় জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।
এরপর টানা অভিযানে যে জেএমবির মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে পুলিশ ধারণা দিয়ে এলেও গত তিন বছরে অধিকাংশ জঙ্গি হামলা ও হত্যার জন্য জেএমবিকেই দায়ী করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
