হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত
দুই যুবকের কথা কাটাকাটি নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কয়েকটি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ালে পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সংঘর্ষে আহতদের মধ্যে ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই শতাধিক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান।
নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, রোববার রাতে সদর উপজেলার কান্দিগাঁও গ্রামের যুবক জামাল সর্দার পাশের সুরাবই গ্রামের টমটম চালক আল আমিনের টমটমে করে স্থানীয় বাজারে আসেন। ওই সময় তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
“এর জের ধরে সোমবার সকাল ৯টা থেকে দুই গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
সংঘর্ষের সময় আশপাশের আরও আট গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায় বলে ওসি জানান।
তিনি বলেন, খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাঞ্জ থানার অতিরিক্ত পুলিশ গিয়ে ১৯৯ রাউন্ড রাবার বুলেট ও ৩১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
