২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

সারাদেশে চলা সাঁড়াশি অভিযানের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নড়াইলে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সংগঠনের নেতারা এ ঘটনার প্রতিবাদ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 02:18 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

রোববার সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর এলাকা থেকে গাজী আল মামুনকে (৩০) আটক করা হয়।

মামুন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং লস্করপুর গ্রামের গাজী মশিয়ার রহমানের ছেলে।

এ ঘটনার প্রতিবাদে রোববার বিকালে সদর উপজেলা ছাত্রলীগ নড়াইল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

নড়াইল সদর থানার ওসি সুভাষ বিশ্বাস বলেন, জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে গোয়েন্দা পুলিশ গাজী আল মামুনকে আটক করেছে।

“পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়।”

সংগঠনের নেতাকর্মীরা জানান, ২০০৫ সালে সারা দেশে একসঙ্গে বোমা বিস্ফোরণের ঘটনার মামলায় মামুনকে আসামি করা হয়। ২০০৬ সালের ১ জানুয়ারি আদালতে আত্মসর্মপণ করেন তিনি। ২০০৯ সালের অগাস্টে আদালত তাকে ওই মামলায় বেকসুর খালাস দেয়। তিন বছর সাত মাস কারাভোগ শেষে তিনি মুক্তি পান।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু বলেন, “ছাত্রলীগ করার কারণে মামুন চারদলীয় জোট সরকারের আমলে করা মামলায় তিন বছর সাত মাস জেল খেটেছেন।

“তাকে আবার মিথ্যা মামলায় আটকের ঘটনায় আমি হতাশ। আমি অবিলম্বে তার মুক্তি চাই।”

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল বলেন, “মিথ্যা অভিযোগে মামুনকে আটক খুবই দুঃখজনক।”

নড়াইলের পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম বলেন, মামুনের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা না থাকলেও অতীতে অভিযোগ ছিল। তবে তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপরাধ হলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার থেকে সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।