২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত খ্রিস্টান ব্যবসায়ীর বাড়িতে বিএনপির প্রতিনিধি দল

নাটোরে খুন হওয়া খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি প্রতিনিধি দল ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

রোববার দুপুর ২টার দিকে নয় সদস্যের এ প্রতিনিধি দল নিহতের স্ত্রী জাসিন্তা রিবেরু ও মেয়ে স্বপ্না গোমেজসহ আত্নীয়দের সঙ্গে কথা বলেন।

গত ৫ জুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার খ্রিস্টানপাড়ায় নিজ দোকানে সুনীল গোমেজকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার মেয়ে স্বপ্না গোমেজ একটি হত্যা মামলা করেন।

ওইদিন সুনীলের বাড়ির ভাড়াটিয়া ট্রাকচালক সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। একই দিন সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে এই হত্যাকাণ্ডে আইএসের দায় স্বীকারের খবরও আসে।

বিএনপির কেন্দ্র্রীয় নেতা নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক যুগ্ম সচিব তপন মজুমদার, দলের কেন্দ্র্রীয় নেতা জন গোমেজ, যুবদলের কেন্দ্র্রীয় যুগ্ম সম্পাদক অমলেন্দু দাস অপু ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক হজরত আলী, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান প্রমুখ।

এই সরকার পরিকল্পিতভাবে এইসব গুপ্ত হত্যা চালাচ্ছে এবং নিরীহ জনগণকে হত্যা করে দেশে জঙ্গিবাদ রয়েছে বলে সারা বিশ্বে প্রচার করছে বলে অভিযোগ করেন নিতাই রায় চৌধুরী।

বিএনপি এসব হত্যাকাণ্ডের বিচার চায় বলেও জানান তিনি।