২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগারো জেলায় আটক জেএমবি ১৮

পুলিশের বিশেষ অভিযানে এগারো জেলায় ১৮ জেএমবি সদস্যকে আটক করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 03:46 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত অভিযানে এ এগারো জেলায় মোট ৫৫২ জনকে আটক করা হয়।

রোববার পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গিসহ পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলার মোট দুই হাজার ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মামলার ৫৮৮ জন (অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ৪১ জন এবং মাদক মামলার ৩৯১ জন) আসামি রয়েছে বলে জানা এই পুলিশ কর্মকর্তা।

গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি নাগরিক, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হন। এরপর সারাদেশে ‘সাঁড়াশি অভিযানের’ যোষণা দেয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

দিনাজপুরে ১ জেএমবিসহ আটক ৬৫

দিনাজপুরে সন্দেহভাজন তিন জেএমবি সদস্যসহ ৬৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ১৩ উপজেলায় অভিযান চালানো হয়।

ডিএসএবি ইনচার্জ (ডিআইও-১) রবিউল আলম জানান, গত তিন দিনে এনিয়ে ২৩০ জনকে আটক করা হয়েছে। এসব আটককৃতদের মধ্যে রয়েছে তিন জন জেএমবি জঙ্গি ও চার জন শিবিরকর্মী রয়েছে।

গাইবান্ধায় ১ জেএমবিসহ আটক  ৩৯

গাইবান্ধার সাত উপজেলায় এক সন্দেহভাজন জেএমবি সদস্য ও বিভিন্ন মামলার ৩৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, পুলিশি হেফাজতে গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের হাজির করা হবে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চকশেবপুর গ্রাম থেকে রোববার ভোরে মো. আল আমিন (২৫) নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

“আল আমিন ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একজন সক্রিয় সদস্য।”

তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় একাধিক নাশকতার অভিযোগ ও মামলা আছে বলে জানান তিনি।

ঝিনাইদহ ১ জেএমবি আটক ৩৬

ঝিনাইদহে এক জঙ্গি ও জামায়াতে ইসলামীর ১১ জনসহ ৩৬ জনকে আটক করা হয়েছে।

এছাড়া একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধারও করা হয়।

শনিবার রাত ১২টার পর থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভন্ন এলাকায় অভিযান চালানো হয় বলে জানান ঝিনাইদহের এসপি আলতাফ হোসেন।

আটক জেএমবি সদস্য শাহীন মোহাম্মদ কিংকং ঝিনাইদহ শহরের পবহাটির আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।

এছাড়া আটক নাজমুল গাজী নামে এক ‘সন্ত্রাসীর’ কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান এসপি।

এসপি আরও জানান, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানে গত তিন দিনে জেলায় ১২০ জনকে আটক করা হয়ছে।

চাঁপাইনবাবগঞ্জে ১ জেএমবিসহ আটক ৪৪ 

চাঁপাইনবাবগঞ্জের শনিবার রাত ও রোববার সকালে এক জেএমবি সদস্যসহ ৪৪ জনকে আটক করেছে পুলিশ।

জেএমবি সদস্য শাহীন (২৬) সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সামশুদ্দিন মন্ডলের টোলা গ্রামের হোসেন আলী সরকারের ছেলে। 

সদর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে জেএমবি সদস্য শাহীনকে তার বাড়ি থেকে আটক করা হয়।

আটক ৪৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২৬ জন ও নিয়মিত মামলায় ১৫ জন রয়েছেন।

সিরাজগঞ্জ জেএমবি সদস্যের আত্মসমর্পণ

সিরাজগঞ্জে সন্দেহভাজন এক জেএমবি সদস্য আদালতে আত্মসমর্পণ করেছেন।

আদালত পরিদর্শক মো. শহিদুল্লাহ বলেন, রোববার সকালে জেএমবি সদস্য মারুফ ফয়সাল (২২) জ্যেষ্ঠ বিচারিক হাকিম কহিনুর আরজুমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।  

মারুফ সদর উপজেলার চর ছোনগাছা এলাকার মিজানুর রহমানের ছেলে।

পরিদর্শক আরও বলেন, ২০১৫ সালে উল্লাপাড়া উপজেলার রাগববাড়িয়া গ্রামে একটি বাড়িতে গোপন বৈঠক চলাকালে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছিল। ওই ঘটনায় ২০১৫ সালের ১১ অক্টোবর পুলিশ একটি মামলা করে।

মারুফ ফয়সাল ওই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।  

নওগাঁয় ৬ জেএমবিসহ আটক ৯৩  

নওগাঁর রানীনগর, আত্রাই ও ধামইরহাট উপজেলা থেকে ৬ জেএমবি সদস্যসহ ৮৭ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাতবোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, রানীনগর থানার আবাদপুকুর গ্রামের আশরাফ আলীর ছেলে জেএমবি সদস্য গোলাম কাদের খাজাকে (৪৮) আটকের পর তার স্বীরারোক্তি মোতাবেক তার ফার্ণিচারের দোকান থেকে একটি রামদা ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

“আত্রাইয়ের তিলাবদুরী গ্রামের মেছের আলীর ছেলে জেএমবি সদস্য আবুল হোসেনকে (৩৪) আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে একটি এলজি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”  

অপর চার জেএমবি সদস্য হলেন ধামইরহাটের হযরতপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে ময়েন উদ্দিন (৪৮), খেলনা গ্রামের মনির উদ্দিনের ছেলে ওছমান আলী (৫২), জোতওছমান গ্রামের নফির উদ্দিনের ছেলে আব্দুল গাফ্ফার (৫৫) ও মঙ্গলবাড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৩৬)।

এ ছয় জন জেএমবি সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ।

এছাড়া জেলার অন্যান্য স্থান থেকে আটক ৮৭ জনের মধ্যে শিবির, জামায়াত নেতা, তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদকদ্রব্য বিক্রেতা, পলাতক সাজাপ্রাপ্ত আসামি রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজশাহীতে ৪ জেএমবিসহ আটক ১৫০

রাজশাহীতে চার জেএমবিসহ ১৫০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিএসবি) পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, জেলার নয় থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯০ জনকে আটক করেছে। এর মধ্যে তিন জেএমবি সদস্য ও নয়জন ছাত্রশিবির নেতাকর্মী।

অপরদিকে, মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, নগরীর চার থানা এলাকায় ৬০ জনকে আটক করা হয়। এর মধ্যে এক জেএমবি সদস্য ও ৪ ছাত্রশিবির নেতাকর্মী রয়েছেন।

টাঙ্গাইলে ১ জেএমবিসহ আটক ৬৮

টাঙ্গাইলে রোববার এক জেএমবি সদস্যসহ ৬৮ জনকে আটক করেছে টাঙ্গাইল পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি ও নাশকতা করতে পারে এমন সন্দেহভাজনসহ ৬৮ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্য মির্জাপুর উপজেলার বাশতৈর ইউনিয়নের আদাবাড়ি গ্রামের ইসহাক আলীর ছেলে আকরামুল ইসলাম (২৬) জেএমবি সদস্য বলে জানান তিনি।  

মির্জাপুর থানার ওসি মাইনউদ্দিন বলেন, আটক জেএমবির সদস্য আকরামুলের বিরুদ্ধে ঢাকার সবুজবাগ থানায় ২০০৪ সালের বিস্ফোরক ও অস্ত আইনে দুইটি মামলা ও নিউমার্কেট থানায় একটি মামলায় অভিযোগপত্র হয়েছে।   

ব্রাহ্মণবাড়িয়ায় জেএমবিসহ আটক  ৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় আটক জেএমবি সদস্য শামীম মিয়াকে (৫৫) রোববার ভোররাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান বলেন, শামীম জেএমবির সক্রিয় সদস্য। তিনি ২০০৫ সালে সারাদেশে একযোগে বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় তিনি ৬ বছর কারাভোগ করেছেন।

শামীম ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।

জেলা বিশেষ শাখার এএসপি (ডিএসবি) সোনিয়া পারভিন জানান, জেলার নয়টি উপজেলায় মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুরে ১ জেএমবি সদস্য আটক

রংপুরের কাউনিয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮ টায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জাহিদ হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয় বলে কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “গোপন সংবাদ পেয়ে পুলিশ হলদিবাড়ি স্কুলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও জাহিদকে আটক করা হয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে- জানান ওসি জিলানী।