২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নির্বাচনী সহিংসতায় বৃদ্ধাসহ নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক বৃদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 01:22 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

নিহতরা হলেন- খড়কি গ্রামের আলফু মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০) ও একই গ্রামের বৃদ্ধা মিরাশী বেগম।

শুক্রবার সংঘর্ষে আহত হন ফারুক মিয়া। শনিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। এর জেরে শনিবার আবার সংঘর্ষে নিহত হন মিরাশী বেগম।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কে এম আজমিরুজ্জামান বলেন, শুক্রবার দুপুরে ৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য মনাই মিয়ার সমর্থকদের সঙ্গে পরাজিত সদস্য প্রার্থী আব্দুল হাইয়ের সমর্থকদের বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ফারুকসহ ছয়জন আহত হয়।”

সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আহত ফারুক মারা যান বলে জানান ওই পরিদর্শক।

পরিদর্শক আজমিরুজ্জামান আরও জানান, ফারুকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার আবার সংঘর্ষ হয়। ওই সময় পরাজিত সদস্য প্রার্থী আব্দুল হাইয়ের বোন মিরাশী বেগম বুকে আঘাত পেয়ে মারা যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।