২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোটের বিরোধে’ সংঘাত, গুলিতে তরুণ নিহত

মুন্সীগঞ্জে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় এক তরুণ গুলিতে নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 09:00 AM

Updated : 20 Aug 2022, 12:57 PM

জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, শনিবার মধ্যরাতে শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় এ ঘটনার পর অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক শৈবাল কুমার বসাক জানান, নিহত মো. জনির (১৭) পেটে গুলি লেগেছিল। পায়ে গুলিবিদ্ধ মানিক সরকার (৩০) ও কালু ব্যাপারীকে (৩১) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার জানান, গত ডিসেম্বরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুলের লোকজনের সঙ্গে বিজয়ী কাউন্সিলর জাকির হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল।

“এর জেরে গতরাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।”

পরে পুলিশ শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পরাজিত কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুল (৪১), হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদ (২৩) ও মো. অপু (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি করা হয় বলে পুলিশ সুপার বিপ্লব জানান।