২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা জোরদারের দাবি পুরোহিত-সেবায়েতদের

ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী এবং পাবনায় সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে হত্যার ঘটনায় বিভিন্ন মন্দির ও সেবাশ্রমের পুরোহিত ও সেবায়েতরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পাবনা প্রতিনিধি

গোপালগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 07:46 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

গত ৭ জুন মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলায় গ্রামের মেঠোপথে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৬৯) গলা কেটে হত্যা করে মোটর সাইকেল আরোহী তিন যুবক।

এরপর শুক্রবার সকালে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর সৎসঙ্গ সেবাশ্রমের কর্মী নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়।

তিনি গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু গ্রামের মৃত রসিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রায় পাঁচ শতাধিক মন্দির ও সেবাশ্রম রয়েছে। এসব মন্দির ও সেবাশ্রমে সহস্রাধিক পুরোহিত ও সেবায়েত রয়েছেন।

গত কয়েক মাসে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় একই ধরনের কয়েকটি ঘটনার পর তিন দিনের ব্যবধানে ঝিনাইদহ ও পাবনায় দুটি হত্যাকাণ্ডে এসব মন্দির ও সেবাশ্রমের পুরোহিত ও সেবায়েতদের মধ্যে আতঙ্কে দেখা দিয়েছে।

কোটালীপাড়ার পারকোণা কেন্দ্রীয় গণেশ পাগল সেবাশ্রমের সেবাইত দীপক পাণ্ডে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝিনাইদহ ও পাবনার ঘটনার পর আমিও আতঙ্কে আছি। রাতে সেবাশ্রমে থাকি।”

ভট্টের বাগান নিশানাথ খোলার সাধারণ সম্পাদক পুরোহিত রতন আচার্য্য বলেন, “আমার অনেক আত্মীয়-স্বজন কোটালীপাড়াসহ দেশের বিভিন্ন জায়গায় পুরোহিতের কাজ করে। অনেকের সঙ্গেই কথা হয়েছে। তারা আতঙ্কে আছে।”

সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে মিল থাকায় পুরোহিত ও সেবায়েত খুনের পেছনেও জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।

নাম প্রকাশে অনিচ্ছুক কোটালীপাড়ার এক পুরোহিত বলেন, “হুজি নেতা মুফতি হান্নান, গাজীপুর কোর্ট চত্বরে বোমা বিস্ফোরণের অন্যতম আসামি এনায়েত ও চট্টগ্রামে বিপুল অস্ত্র নিয়ে গ্রেপ্তার জঙ্গি নেতা আমীর হোসেনের বাড়ি এই কোটালীপাড়ায়। তাই আমরা আতঙ্কে আছি।”

তাদের আশঙ্কা দূর করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন।

“তবে কোটালীপাড়ায় যে পরিমাণ মন্দির ও সেবাশ্রম রয়েছে তাতে শুধু পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া কষ্টসাধ্য,” বলেন তিনি।

এদিকে পাবনার হেমায়েতপুরে সেবায়েত নিত্যরঞ্জনকে কুপিয়ে হত্যার পর ওই এলাকায় আতঙ্ক এখনও কাটেনি।

সেবাশ্রমের সহ সাধারণ সম্পাদক ডা. হরে কৃষ্ণ বসু বলেন, “নিত্যরঞ্জন পাণ্ডেকে হত্যার পর সারা দিন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বিভিন্ন লোকজন থাকলেও সন্ধ্যার পর শুরু হয় সুনসান নীরবতা।

“আশ্রমের বসবাসকারীরা জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না। বাইরে গেলেও কয়েকজন মিলে বের হচ্ছেন।”

সৎসঙ্গ সেবাশ্রমের সেবায়েত জোতিন্দ্র নাথ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার পর আশ্রমের টিনের ঘরে যারা বসবাস করতেন, তারা কেউই রাতে সেখানে ঘুমাননি। সবাই বিল্ডিংয়ে রাত যাপন করছেন।

“প্রতিদিন যে সময়ে মন্দিরে আসি। আজ আসতে পারি নাই। মনের মধ্যে খুব ভয়-ভয় লাগছিল।”

সেবাশ্রমের সভাপতি ঋত্বিক প্রদীপ চৌধুরী বলেন, “ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন, এই আশ্রম সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত ও হিংসা প্রতিহিংসার ঊর্ধ্বে। তাহলে কেন আমাদের ওপর এই হামলা?”

শুক্রবারের ওই ঘটনার পর রাতেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার আলমগীর কবির।

একই ধরনের কয়েকটি খুনের পর সারাদেশে জঙ্গি-সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তা পাবনায়ও অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার জানান।

নিত্যরঞ্জনকে হত্যায় আইএসের দায় স্বীকারের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আইএসের বিষয়টি আমার জানা নেই। তবে যে-ই এই ঘটনায় সম্পৃক্ত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আসতেই হবে।”

এসব হত্যাকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। সেইসঙ্গে এই ধরনের হামলা প্রতিরোধের জন্যও জনগণের প্রতি আাহ্বান জানিয়েছেন তিনি।

পুরনো খবর:

পাবনায় একই কায়দায় হিন্দু সেবককে কুপিয়ে হত্যা