২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে চার জেলায় ৫ জনের মৃত্যু

বজ্রপাতে চার জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কক্সবাজারে মারা গেছেন দুইজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 04:17 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

শনিবার সকালে থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ও উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এরা হলেন শামলাপুর এলাকার আমির হোসেনের ছেলে কামাল হোসেন (২৫) এবং রহমতের বিল এলাকার কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সিরাজদ্দৌল্লাহ (৩২)।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এম এ গোফরান জানান, বজ্রপাতে একজন মারা হওয়ার খবর শুনেছেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, “বাহারছড়া খালের সাগরের মোহনায় মাছ ধরছিলেন কামাল। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পালংখালী স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন সিরাজদ্দৌল্লাহ। পথে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুপুরে এক জনের মৃত্যু হয়েছে।

নিহত আল আমীন (৩৫) মোরেলগঞ্জের পূর্ব চন্ডিপুর গ্রামের প্রয়াত ইউনুস খানের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আল আমীনের মৃত্যু হয়। আহত হন মধু শেখ (৬৫) নামে আরেকজন।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেন তিনি।

বরিশাল

বরিশালের হিজলায় এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

দুপুরে উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে হিজলা থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান।

মৃত আব্দুস সোবাহান ব্যাপারী (৫০) একই এলাকার সফুর আলী ব্যাপারীর ছেলে।

ওসি মাসুদুজ্জামান বলেন, দুপুরে বাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে সোবাহান আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়াও ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতে বিকালে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত লাকি আক্তার (২৮) উপজেলার আওরাবুনিয়া গ্রামের ফারুক খানের স্ত্রী।