২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৩ ‘জেএমবি’ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন ‘জেএমবি সদস্যকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 03:24 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

শনিবার ভোরে উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় এালাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে ইসারুল ইসলাম (২২), পারচৌকা গ্রামের আফসার হোসেনের ছেলে শাহ ওয়ালী উল্লাহ (৩০) ও কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সেরাজুদ্দীনের ছেলে শহীদুল ইসলাম রানা (৩২)।

ওসি বলেন, “নাশকতার উদ্দেশে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে শ্যামপুর উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব কোণ থেকে জেএমবি সদস্য ইসারুল ও ওয়ালী উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

“এ সময় তাদের কাছ থেকে একটি শ্যুটার গান, এক রাউন্ড গুলি ও ৬০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার কানসাট ব্রিজ এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করে পুলিশ।” 

গ্রেপ্তার তিন জনের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া ও জয়পুরহাটের ক্ষেতলাল থানায় রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।