২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকও জেএমবি সদস্য: পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার গভীররাতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় জানিয়ে পুলিশ বলেছে, তিনিও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 10:19 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

নিহত তুহিন ওরফে আরিফ (২৮) বগুড়ার গাবতলী উপজেলার তরফ সবজাদ গ্রামের মো. বাসেত আলীর ছেলে ও জেএমবির সক্রিয় সদস্য বলে শুক্রবার জানান গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক। 

পুলিশ বলছে, গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে জেএমবি সদস্যদের গোপন বৈঠকের সময় চালানো অভিযানে মারা যান তুহিন।

সাম্প্রতিক সময়ে জঙ্গি কায়দায় একের পর এক হত্যাকাণ্ডের মধ্যে এর আগে তিন দিনে সাতজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তাদের মধ্যে অন্তত চারজন নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির সদস্য। পুলিশ বলছে, ওই চারজন সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে যুক্ত।

ওসি মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত জেএমবি সদস্য তুহিন পলাশবাড়ীর দিপ্তী হত্যা মামলার অন্যতম আসামি। তার সম্পর্কে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

তিনি বলেন, তুহিনের লাশ নিতে কেউ আসেনি। লাশটি গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে আছে।