সাংবাদিক মারধরে জাবি ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে শোকজ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিনিধি শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় ১৪ ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, শুক্রবার বিকালে কারণ দর্শানোর এই নোটিশ দেওয়া হয়।
আগামী ১৮ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নোটিশের জবাব লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে।
ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন- ইতিহাস বিভাগের মহিতোষ রায় টিটু, প্রিতম আরিফ, তপু সুলতান, আবদুল্লাহ আল ফারুকী ইমরান ও ফাহাদ; পরিসংখ্যানের রবিন সরকার, সুব্রত কুমার সাহা ও ইকরাম নাহিদ; ভূগোল ও পরিবেশ বিভাগের আল-আমিন ও আজমুস্সাহান নওরোজ প্রণয়; মার্কেটিং বিভাগের ইকরামুদ্দিন অমি, উদ্ভিদ বিজ্ঞানের বায়েজীদ ও বিপ্লব হোসেন এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিফাত আহমেদ রাতুল।
মহিতোষসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী বুধবার রাতে ক্যাম্পাসের মধ্যে এক ছেলে ও এক মেয়েকে ধরে নিয়ে মারধরের সময় তাদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪২তম আবর্তনের ছাত্র শফিকুল মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে সাভারের এনাম মেডিকেলে ভর্তি আছেন।
ওই ঘটনার পর রাতেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মহিতোষকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়।
আহত সাংবাদিক শফিককে হাসপাতালে দেখতে গিয়ে তার উপর হামলার নিন্দা জানিয়েছেন জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলোও এ হামলার নিন্দা জানিয়েছে।
এছাড়া ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, সাহিত্য সংগঠন চিরকুটও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
এর আগে বুধবারে রাতেই হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে যুক্ত বিবৃতি দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি লাকি আক্তার, সম্পাদক জিএম জিলানী শুভ।
