২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে মারধরের অভিযোগে যুবলীগকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বৃহস্পতিবার রাতে আহমেদ সুজনকে (৩২) গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াৎ হোসেন জানান।

সুজন গাজীপুরের জয়দেবপুরের চান্দনা এলাকার আবুল হোসেনের ছেলে ।

সাখাওয়াৎ হোসেন জানান, ট্রাফিক পুলিশ কনস্টেবল রেজাউল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী স্টেশন রোডে দায়িত্ব পালন করছিলেন।

“ওই সময় সিগন্যালে আটকা পড়েন ১১ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী আহমেদ সুজন।”

সাখাওয়াৎ হোসেন বলেন, এরপর সুজন গাড়ি থেকে বের হয়ে তার গাড়ি কেন আটকে দেওয়া হলো বলতে বলতে রেজাউলকে মারধর করতে থাকেন। সেখানে কর্মরত অন্য অফিসাররা এগিয়ে গেলে সুজন দৌড়ে গাড়ি ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে রাতেই সুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।