২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার কারখানায় পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ

ঢাকার সাভারে পোশাক তৈরির কারখানা থেকে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 11:23 AM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার সোনিয়া সোয়েটারের পঞ্চমতলায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মমিনুল ইসলাম (২৭) নামের এই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার এসআই শাহাদাৎ হোসেন বলেন, সকালে শ্রমিকরা কারখানায় এসে মমিনুলের লাশ দেখতে পায়।

“পুলিশের সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার আলামত মিলেছে। তবে প্রকৃতপক্ষে কী হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে কারখানায় যাতে বিশৃঙ্খলা না ঘটে সেজন্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে বলে তিনি জানান।

কারখানার নিটিং ইনচার্জ আতাউর রহমান বলছেন, বুধবার বিকালে ছুটির পর সবাই চলে গেছে।

“মমিনুলকেও বেরিয়ে যেতে দেখেছি। তবে কিভাবে আবার কারখানায় ঢুকল আর কেনই বা আত্মহত্যা করল তা বোঝা যাচ্ছে না।”

নিহত মমিনুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার জিরাই পশ্চিমপাড়া এলাকার সবুর হোসেনের ছেলে। ঘোষবাগ এলাকার আলম ভুঁইয়ার বাড়িতে সপরিবার ভাড়া থেকে ওই কারখানায় নিটিং অপারেটর পদে কাজ করতেন।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।