২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে স্ত্রীকে গলাটিপে হত্যা, আটক ১

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 10:38 AM

Updated : 20 Aug 2022, 12:56 PM

উপলোর চন্দ্রখইর গ্রামের মারুফ হোসেন (২২) বুধবার দুপুরে তাঁর স্ত্রী ইমা বেগমকে (১৮) হত্যা করেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।

বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান প্রতিবেশীদের বরাত দিয়ে বলেন, রমজান মাসের দুপুরে মারুফ ভাত খেতে চাওয়ায় রোজারত ইমার সাথে তার কথা কাটাকাটি হয়।

“একপর্যায়ে মারুফ তার গলা টিপে ধরলে অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় মারুফ তাকে চিকিৎসা না করিয়ে ঘরের মধ্যে রেখে দিলে ইমার মৃত্যু হয়।”

ইফতারির সময় ইমার সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের বিছানায় তার লাশ দেখতে পায় বলে ওসি জানান।

“পরে পুলিশ গিয়ে মারুফকে আটক ও ইমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতাল মর্গে পাঠায়।”

নিহত ইমা বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি গ্রামের ইমামুল হকের মেয়ে। প্রায় এক বছর আগে চন্দ্রখইর গ্রামের বজলুর রহমানের ছেলে ওয়েল্ডিং শ্রমিক মারুফের সাথে তার বিয়ে হয়।