২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সামনে টেন্ডার ‘ছিনতাই’

যশোরে পুলিশের সামনে থেকে গণপূর্ত বিভাগের টেন্ডারসহ বাক্স ‘ছিনতাইয়ের’ ঘটনা ঘটেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 09:45 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে বলে যশোরে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।

তিনি বলেন, যশোর শিল্পকলা একাডেমির ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। বুধবার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ।

“একদল দুর্বৃত্ত গণপূর্ত বিভাগের যশোর অফিসের তৃতীয় তলার বারান্দায় রাখা দরপত্রের বাক্সটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কোতোয়ালি থানার এসআই মাহফুজসহ ৪/৫ জন পুলিশ সেখানে ছিলেন।”

পুনরায় দরপত্র আহ্বান করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী শফিকুল। 

তবে কী ঘটছে তা বুঝতেই পারেনি বলে দাবি করেছে পুলিশ।

ওই কার্যালয়ের গেইটে দায়িত্ব পালনের কথা স্বীকার করে এসআই মাহফুজ বলেন, “বেশ কয়েকজন যুবক অনেকগুলো কাগজপত্র নিয়ে গণপূর্ত অফিস থেকে বের হচ্ছিল।

“এ নিয়ে জানতে চাইলে তারা জানায়, ‘আমাদের কাগজে ত্রুটি আছে, সংশোধন করে নিয়ে আসছি’। তাই আমরা বিষয়টি বুঝতে পারিনি।”

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।