যানজট নিরসনে মহাসড়কে এক হাজার স্বেচ্ছাসেবক: কাদের
যানজট নিরসনে রাজধানীর আশপাশের মহাসড়কগুলোর ১৪টি পয়েন্টে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে গাজীপুরের চন্দ্রা মোড়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসনে রাজধানীর আশপাশের মহাসড়কগুলোর ১৪টি পয়েন্টে ঈদের পাঁচ দিন আগে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে। তারা যানজট নিরসন পুলিশকে সহায়তা করবে।
এছাড়া মহাসড়কের পাশের সব অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।
এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজের খোঁজ নেন সড়ক পরিবহন মন্ত্রী।
এ সময় সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহীন রেজাসহ ট্রাফিক পুলিশ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
