ইউপি ভোটে সংঘাতের মামলা তদন্তে গিয়ে হামলায় পুলিশসহ আহত ১০
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপের ভোটের পর সংঘাতের ঘটনায় দায়ের একটি মামলার তদন্তে গিয়ে দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় পাঁচ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ফুলছড়ি থানার ওসি মো. খায়রুল বাশার জানান, মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা গ্রামে পুলিশের একটি দল মামলা তদন্তে গেলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন (৫৫), এএসআই জাবেদ মিয়া (৩২), কনস্টেবল বিপু আহম্মেদ (৩২), আনোয়ারুল হক (৩০) ও নূর আলমকে (৩১) ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল গনি মণ্ডল (৪০) ও বড় ভাই আব্দুর রহমানের (৫৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গজারিয়া ইউনিয়নে জাতীয় পার্টির পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী হাসান আলী ও তাদের সমর্থকরা এ হামলা চালায় বলে দাবি পুলিশের।
ওসি মো. খায়রুল বাশার জানান, ষষ্ঠ দফার ভোটের পরদিন রোববার পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস ও পরাজিত সদস্য প্রার্থী হাসানের সমর্থকরা ৬ নম্বর ওয়ার্ডে আজাহার আলী নামে এক ব্যক্তির ঘরবাড়ি ভাংচুর করে। আজাহার গজারিয়া ইউপির নিবাচিত সদস্য গনির সমর্থক, তার গরু-বাছুরও লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
এ ঘটনায় আজাহারের স্ত্রী মনোয়ারা বেগম মঙ্গলবার বেলা ১১টায় ফুলছড়ি থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর ঘটনা তদন্তে সন্ধ্যা ৭টার দিকে ফুলছড়ি থানা পুলিশ যমুনা নদীর পূর্বপাড়ের ভাজনডাঙ্গা (গলনা চর) গ্রামে তদন্তে যায়।
ফুলছড়ির পুলিশ কর্মকর্তা খায়রুল বলেন, তদন্ত চলাকালে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস ও পরাজিত সদস্য প্রার্থী হাসানের সঙ্গে নির্বাচিত সদস্য গনি মিয়ার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আব্দুল গণির উপর হামলা করে।
এসময় পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা তাদের কর্মী-সমর্থকরা লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করতে থাকে। এসময় পুলিশ ১৪টি রাবার বুলেট ও ১৪টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে পাঁচ পুলিশ সদস্য ও ইউপি সদস্য গণি মণ্ডলসহ তার চার সমর্থক আহত হন।
খবর পেয়ে ফুলছড়ি থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্ধার করে জানিয়ে ওসি বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে। ”
