২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু

যশোরের অভয়নগরের একটি গ্রামে সেপটিক ট্যাংকে পড়ে দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 11:00 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

পায়রা ইউনিয়নের বারান্দী গ্রামে মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।  

নিহতরা হলেন ওই গ্রামের হানেছ মুন্সীর ছেলে রমজান আলী (৪৫) এবং ওমর আলীর ছেলে হাসান আলী মোল্লা (৩৮)।

একটি মোবাইল ফোনের চার্জার খুঁজতে গিয়ে তারা এভাবে মারা যান বলে ইউপি চেয়ারম্যান জানান।

তাদের সঙ্গে রমজানের আরেক চাচাত ভাই জহুরুল ইসলাম (৩০) এবং রমজানের স্ত্রী রোজিনা খাতুনও (৩২) ওই ট্যাংকে পড়ে গিয়েছিলেন। তবে তাদের জীবিত উদ্ধার করে প্রতিবেশীরা।

ইউপি চেয়ারম্যান ফিরোজ বলেন, ভোরে রমজান আলীর ছোট ছেলে মোবাইল ফোনের চার্জার নিয়ে টয়লেটে গেলে গিয়ে তা হারিয়ে ফেলে।

“বিকালে রমজান চার্জারটি খুঁজতে টয়লেটে গিয়ে সেপটিক ট্যাংকের উপরের অংশ ভেঙে নিচে পড়ে যান। রমজানকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী রোজিনাও পড়ে যান। তাদের উদ্ধার করতে এসে হাসান ও জহুরুলও পড়ে যান।”

এরপর গ্রামের লোকজন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় চারজনকেই ট্যাংকের ভেতর থেকে তুলে আনেন।

তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রমজানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অন্য তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে হাসান মোল্লা মারা যান বলে ইউপি চেয়ারম্যান জানান।