২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি গ্রেপ্তারে গিয়ে হামলায় আহত ওসিসহ ১২ পুলিশ

হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে ধরতে গিয়ে স্বজনদের হামলায় আহত হয়েছেন ফেনীর সোনাগাজীর ওসিসহ ১২ পুলিশ সদস্য।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 10:07 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

হামলা থেকে বাঁচতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পরে সাঈদ আনোয়ার (২৮) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এঘটনা ঘটে।

গ্রেপ্তার সাঈদ সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, ওই গ্রামের হানিফের ছেলে সাঈদকে তার বাড়ি থেকে গ্রেপ্তারের পর স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়।

“তারা পুলিশের উপর মরিচের পানি ছিটিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে।”

হামলাকারীরা পালিয়ে গেলে পুলিশ বাসায় ঢুকে ঘরের খাটের নিচ থেকে সাঈদকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

ওসি বলেন, হামলায় তিনিসহ পরিদর্শক (তদন্ত) মেসবা উদ্দিন, এসআই শাহ আলম, এসআই নাছির আহম্মেদ, এসআই আবদুর রহমানসহ ১২ পুলিশ সদস্য আহত হয়।

আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

সাঈদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, বিস্ফোরক দ্রব্য, পুলিশের কাজে বাধা দেওয়া, নির্বাচনী সহিংসতা, সাংসদের বাড়িতে বোমা হামলা, ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।

ওসি হুমায়ুন বলেন, সবগুলো মামলায় সাঈদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।