গোবিন্দগঞ্জে ব্যবসায়ী হত্যা: ৪ ‘জেএমবি’ রিমান্ডে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামানিক হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য চার ‘জেএমবি’ সদস্যকে চার দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ এস এম তাসকিনুল হক এ আদেশ দেন।
আটক চারজন হলেন- আব্দুল আল মাসুদ, আতিকুর রহমান আতিক, ইউসুফ উদ্দিন সাত্তার ও নজির হোসেন।
গোবিন্দগঞ্জ থানার এস আই মাহাবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক চারজনের মধ্যে নজিরকে সকালে গাইবান্ধার ফুলছড়ির চর থেকে আটক করা হয়।
“গাইবান্ধা জেলা কারাগারে থাকায় বাকি তিনজনকে দেবেশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
বিকালে তাদের আদালতে হাজির করে পুলিশ ১০ দিন হেফাজতের (রিমান্ড) আবেদন করলে বিচারক প্রত্যেকের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।
গত ২৫ মে সকালে মহিমাগঞ্জ বাজারের দোকানে জুতা ব্যবসায়ী দেবেশকে জবাই করে পালিয়ে যায় হামলাকারীরা। ওই হত্যার ঘটনায় নৃপেন চন্দ্র নামে একজনকে সন্দেহভাজন হিসেবে কয়েক ঘণ্টার মধ্যে আটক করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দ রাণী প্রামানিক বাদী রাতে একটি হত্যা মামলা করেন।
তবে ওই মামলায় সন্দেহজনকভাবে আটক নৃপেনকে আসামি করা হয়নি, অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
পরবর্তীতে এ হত্যার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
