২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তি তিনদিন পর মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 04:42 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসাতালে মারা যান সাইদার রহমান (৩৬)। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে গত শনিবার ফুলবাড়ী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষের সময় আহত হয়েছিলেন সাইদুর।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, সদস্য প্রার্থী দুদু মিয়া ও আব্দুর রহিম মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাইদুর রহমানসহ আরও তিন জন আহত হন।

“তাদের মধ্যে গুরুতর আহত সাইদুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।”

ওসি জানান, দুপুরে লাশ তার পরিবারের লোকজন গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসেন। এরপর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান তিনি।