খ্রিস্টান ব্যবসায়ী খুনে ভাড়াটিয়াকে রিমান্ডের আবেদন
নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ খুনের ঘটনায় আটক ভাড়াটিয়াকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে ট্রাকচালক ভাড়াটিয়া আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলীকে আদালতে হাজির করে রিমান্ডে চাওয়া হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুনকে বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।
“জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক সামশুল আল আমিন মঙ্গলবার মামলার শুনানির দিন ঠিক করেছেন।”
তবে মামুনকে সন্দেহের কারণ সম্পর্কে কিছু বলেননি এই পুলিশ কর্মকর্তা।
রোববার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার খ্রিস্টানপাড়ায় নিজের দোকানে সুনীল গোমেজকে (৬০) কুপিয়ে খুন করা হয়।
এ ঘটনায় সুনীলের বাড়ির ভাড়াটিয়া ট্রাকচালক মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।
অপরদিকে মামলার তদন্তে সহযোগিতার জন্য ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা সোমবার নাটোরে এসেছেন বলে জানিয়েছেন পরিদর্শক হাই।
এছাড়া বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত তদারক দল গঠন করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় বনপাড়া গির্জার পাশে গ্রেভইয়ার্ডে নিহত সুনীল গোমেজের মরদেহ সমাহিত করা হয়।
এর আগে ময়নাতদন্ত হয় সদর হাসপাতালে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, সুনীলের ঘাড়ে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
