২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যার তদন্তে ডিবি

নাটোরে বড়াইগ্রামে সুনীল গোমেজ হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) মামলাটির তদন্তভার দেওয়া হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 12:56 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

নিহতের মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় রোববার রাতে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও এখনও মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশ জানিয়েছে।

বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার খ্রিস্টানপাড়ায় নিজের দোকানে রোববার সকালে সুনীল গোমেজকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়।

দেশের আরও কয়েকটি ঘটনার মতো এ বৃদ্ধ মুদি দোকানিকে হত্যার পরও আইএসের নামে দায় স্বীকারের খবর আসে।

জেলা ডিবির পরিদর্শক আব্দুল হাই বলেন, মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাত দুস্কৃতকারীরা তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে বলে মামলায় অভিযোগ করেন বাদী।  

মধ্যরাতে মামলাটি গ্রহণের পরপরই তাকে তদন্তের ভার দেওয়া হয় বলে পরিদর্শক আব্দুল হাই জানান।  

তিনি বলেন, রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। সবুজ আলী নামে নিহতের বাড়ির এক ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যার সম্ভাব্য কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা রোববার সন্ধ্যায় বনপাড়া বাজারে মানববন্ধন করে সাত দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

সোমবার বিকালে তারা এক প্রার্থনা সভায় মিলিত হবেন।

সুনীলের মরদেহ ময়নাতদন্ত শেষে নাটোর সদর হাসপাতাল থেকে বনপাড়ায় নেওয়া হচ্ছে। দুপুরে তাকে সমাহিত করা হবে।

বনপাড়া পৌর এলাকার খ্রিস্টানপাড়ায় রোববার সকালে দোকানে ছিলেন সুনীল গোমেজ। সকাল সাড়ে ৮টার দিকে চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। দোকানের পাশে বাসায় সুনীল স্ত্রীকে নিয়ে থাকতেন। এর কয়েক বাড়ি পরে থাকেন তার মেয়ে স্বপ্না গোমেজ।

পুরনো খবর:

নাটোরে খ্রিস্টান দোকানিকে কুপিয়ে হত্যায়ও ‘আইএস’