২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির এ্যানি কারামুক্ত

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 09:47 AM

Updated : 20 Aug 2022, 12:54 PM

রোববার রাতে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি দেওয়া হয় বলে জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুরে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে রাত ৯টায় তাকে মুক্তি দেওয়া হয়।”

চলতি বছরের ২৮ জানুয়ারি নাশকতার নয় মামলায় এ্যানির জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এ্যানির বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত হত্যা ও নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ এবং গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়।

হাকিম আদালতের পর জজ আদালতেও এসব মামলায় এ্যানির জামিন আবেদন নাকচ হয়ে যায়। পরে উচ্চ আদালতে গিয়ে জামিন পান এই বিএনপি নেতা।  

সর্বশেষ পল্টন থানার নাশকতা মামলায় এ্যানির জামিনের আদেশ রোববার কাশিমপুরে পৌঁছায়। রাতেই তাকে মুক্তি দেওয়া হয়।

এ সময় এ্যানির পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা কারা ফটকে উপস্থিত ছিলেন বলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানিয়েছেন।