জাবি সিন্ডিকেট নির্বাচনে সরকার সমর্থকদের জয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক প্যানেল জয়ী হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক জানান, রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ হয়।
ভোট শেষে বিকাল ৬টায় ফল ঘোষণা করা হয়।
তিনি বলেন, নির্বাচনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল জয়লাভ করেছে।
তবে বিএনপিপন্থী, বামপন্থী এবং আওয়ামী লীগপন্থী শিক্ষকদের ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো পদেই জয় লাভ করতে পারেনি বলে জানান তিনি।
বিজয়ী প্যানেলের শিক্ষক আমীর হোসেন বলেন, এই ফল প্রত্যাশিত ছিল। এ সাফল্যকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট বাস্তবায়নে কাজ করব।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ বাস্তবায়নে ও প্রগতির পথে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।
