পরিবেশ দিবসে লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে বেশ কয়েকটি বন্যপ্রাণী।
রোববার বিকাল ৪টায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বনে তিনটি ভাইপার সাপ, একটি লজ্জাবতী বানর, একটি বাদামি বানর, একটি মেছোবাঘ ও একটি গন্ধগোকুল অবমুক্ত করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবমুক্ত করা প্রাণীগুলো বিভিন্ন সময় মানুষের হাতে ধরা পড়ে। পরে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করা হয়।
লাউয়াছড়ার জানকী ছড়ায় এসব প্রাণী অবমুক্ত করা হয় বলে জানান তিনি।
অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির মেজর মাহমুদ, সহকারী বন্য সংরক্ষক তবিবুর রহমান, ডা. হরিপদ রায়, ফজলে এলাহী লুলু, ফরেস্ট রেঞ্জার শাহেব আলী মিয়া, বিট কর্মকর্তা রেজাউল করিম, সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, শ্রীমঙ্গল নিউজ কর্নারে পরিচালক চৌধুরী ভাস্কর হোম ও ফাউন্ডেশন পরিচালক সজল দেব।
পরে লাউড়াছড়া বনেই বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল একটি বটগাছ রোপন করা হয়।
