মামলা করায় হত্যার হুমকির অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংঘর্ষের ঘটনায় আদালতে মামলা করায় বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে।
উপজেলার মাঝবাড়ী গ্রামের ছবেদ তালুকদারের ছেলে শাহিন তালুকদার এ অভিযোগে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে অভিযোগ করা হয়, মাঝবাড়ী গ্রামের শাহিন তালুকদারের সঙ্গে একই গ্রামের কামাল তালুকদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৬ ফ্রেরুয়ারি দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষের ঘটনায় শাহিন তালুকদার বাদী হয়ে গোপালগঞ্জের আদালতে কামাল তালুকদারসহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এই মামলা তুলে নিতে মামলার ১ নম্বর আসামি জাহাঙ্গীর দাড়িয়ার ভাই চাঁন মিয়া দাড়িয়া শাহিন তালুকদারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন।
শাহিন তালুকদার বলেন, “চাঁন মিয়া দাড়িয়া আমাকে মামলা তুলে নিতে বলেছে। তা না হলে আমাকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। এ ঘটনায় আমি কোটালীপাড়া থানায় একটি জিডি করেছি। ভয়ে আমি এখন ঘর থেকে বের হতে পারছি না।”
চাঁন মিয়া দাড়িয়া হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন।
শাহিনের জিডির তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই মাহবুব রহমান বলেন, “শাহিনের জিডি পেয়েছি। তদন্ত চলছে। তদন্তে চাঁন মিয়া দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
