রাধানাথ আশ্রমের ‘৪৫০’ বছরের পুরাতন মূর্তি চুরি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুরের ঐতিহ্যবাহী রাধানাথ সেবাশ্রমের কয়েকশ’ বছরের পুরাতন রাধারাণীর একটি মূর্তিসহ গোপালের ৪টি মূর্তি, অলঙ্কার চুরি হয়েছে।
শনিবার ভোররাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানায় মন্দিরের লোকজন।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. মাহাবুব জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুরের ঐতিহ্যবাহী রাধানাথ সেবাশ্রমের দরজা ভেঙে ৪৫০ বছরের পুরাতন একটি রাধারাণীর মূর্তি, ৪টি গোপাল মূর্তি, সোনা ও রূপার অলংকার ও কয়েক কেজি ওজনের তামা-কাসার সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় দুর্বৃত্তরা মন্দিরের ভেতরের অনান্য মালামাল তছনছ করে এবং মন্দিরে রক্ষিত বিভিন্ন ধর্মীয় বই ছিঁড়ে চারিদিকে ছিটিয়ে ফেলে রাখে।
তিনি জানান, বংশানুক্রমে এই মুর্তিগুলোকে তারা পূজা দিয়ে আসছেন। প্রতিবছর হাজার হাজার ভক্ত এই মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে।
