২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণ: ডুবাইল ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

টাঙ্গাইলের দেলদুয়ারে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় ডুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 06:03 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

শনিবার ভোরে তাদের ডুবাইল ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃত হলেন ডুবাইলের ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ইলিয়াস মিয়া, নাটিয়াপাড়া গ্রামের শাহ আলমের ছেলে সোহানুর রহমান (১৮), কোপাখী গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল (১৯) ও আব্দুর রহিম।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গত ২৯ মে রোববার সন্ধ্যায় দেলদুয়ার উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মুখ বেঁধে তার বাড়ির কাছ থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় সোহানুর, শাকিল ও শাহিন।

“ওই এলাকার প্রবাসী ময়নালের একতলা বাড়ির ছাদে নিয়ে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে তারা।”

পরদিন সকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

এই ঘটনায় ৩১ মে স্থানীয় মাতব্বররা ডুবাইল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস মিয়ার সভাপতিত্বে একটি সালিশ বৈঠক হয়। এতে ‘ধর্ষকদের’ তিন লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

তবে পরে ধর্ষিতার মা বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়।