২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 02:17 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

শনিবার উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের সময় তাড়াহুড়ো করে নামতে ও আগুন নেভাতে গিয়ে কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছেন।

আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইলের মির্জাপুর কুমদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কারখানার জেনারেল ম্যানেজার (জিএম প্রশাসন) এ কে এম জহিরুল হক।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, বেলা সাড়ে ১১টার দিকে কারখানার ৬তলা ভবনের দ্বিতীয় তলায় ফেব্রিক্স  গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ওই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের খবর দেয় কর্তৃপক্ষ।

“খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর, টঙ্গী, ঢাকার সাভারের ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।”

ততক্ষণে আগুনে কারখানার ওই সেকশনে থাকা ফেব্রিক্স, সূতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

জহিরুল হক বলেন, আগুনে ওই সেকশনে থাকা ফিনিশিং, ফেব্রিক্স, সূতাসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

“এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে এবং আগুন নেভাতে গিয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা নুর নবী, সোহেল রানা, মোখলেছুর রহমানসহ ১০-১২ জন আহত হয়েছেন।”