টেকনাফে সংঘর্ষে আহত একজনের মৃত্যু
কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রশিদ আলমের (৩৫) মৃত্যু হয় বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।
রশিদ টেকনাফের মহেশখালীয়া পাড়ার মোজাহের আহমদের ছেলে।
টেকনাফ সদর ইউনিয়নের সদস্য আব্দুল হামিদের বরাত দিয়ে ওসি মজিদ জানান, মহেশখালীয়া পাড়ার মৃত সৈয়দুর রহমানের ছেলে ফরিদ আহমদ ও বাঁচা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত শনিবার ফরিদের বাড়িতে সালিশ বসে। এর এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে রশিদ আলমসহ আরও চারজন আহত হন। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সেখান থেকে রশিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
রশিদ দুই ভাইয়ের মধ্যে বাঁচা মিয়ার পক্ষে ছিলেন বলে ওসি জানান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
