নড়াইলে ফল নিয়ে বচসা, থামাতে গিয়ে যুবক খুন
নড়াইল সদরে ফল কেনা-বেচা নিয়ে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক।
শুক্রবার বিকালে তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি সুভাষ বিশ্বাস।
নিহত মুসা মোল্লা (২৫) তুলারামপুর দক্ষিণ পাড়ার সাইদ মোল্লার ছেলে।
এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। এলাকাবাসী ‘হামলাকারীর’ বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে তুলারামপুর বাজারের ফল বিক্রেতা তুহিন মোল্লার (২৫) কাছ থেকে স্থানীয় হিরক সিকদারের ছেলে একটি বেদানা কেনে। বেদানাটি নষ্ট অভিযোগ তুলে হিরক ওই দোকানে গিয়ে তুহিনের সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়।
“এক পর্যায়ে তুহিনের দোকানে থাকা ছুরি দিয়ে তুহিনকে আঘাত করতে যায় হিরক (৩৫)। ওই সময় সেখানে উপস্থিত মুসা বাধা দিতে গেলে তার গলায় ছুরি চালায় হিরক। নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
হিরক সিকদারসহ দুই জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
ওসি জানান, হত্যার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ গ্রামবাসী হিরক সিকদারের ভাই সোহাগকে পিটুনি দেয় এবং হিরকের বাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় বলে জানান ওসি।
