নার্সদের উপর হামলার প্রতিবাদ
স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বেকার নার্সদের উপর পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করেছেন সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিটের শিক্ষার্থীরা।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে তারা কালো ব্যাজ ধারণ করে সদর হাসপাতাল প্রাঙ্গণে মিছিল করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, বেকার নার্সদের দাবি আদায়ের জন্য গত ১ জুন স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন বেকার নার্সরা। সে সময় পুলিশ তাদের উপর হামলা চালায়।
“এর প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও ক্লিনিক্যাল প্রাকটিস বর্জন করেছে সাতক্ষীরার শিক্ষার্থীরা।”
ভোলায় বিক্ষোভ সমাবেশ
ভোলা প্রতিনিধি জানান, পিএসসির মাধ্যমে নিয়োগপদ্ধতি বাতিল ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন বেকার নার্সরা। এ কারণে তাদের উপর পুলিশের হামলা হওয়ায় তার প্রতিবাদে ভোলা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শুক্রবার সকালে সদর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের সামনে ফিরে প্রতিবাদ-সমাবেশে মিলিত হয়।
এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন।
