ফেনীতে বিএনপির প্রার্থী অস্ত্র-গুলিসহ আটক
ফেনীতে ইউপি নির্বাচনে বিএনপির এক প্রার্থী ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর র্যাব বলেছে, নির্বাচনে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরের দাউদপুর এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
এরা হলেন- সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ এবং তার দুই সহযোগী হুমায়ুন কবীর মাসুদ ও মোহাম্মদ ইদ্রিস।
শনিবার এ ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে।
র্যাব বলছে, আবুল কালাম আজাদ সোনাগাজী-মীরসরাই উপকূল এলাকার জলদস্যু দল ভাগিনা কালাম বাহিনীর ‘প্রধান’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা সন্ত্রাসীদের তালিকায় তার নাম আছে।
সোনাগাজী ও আশপাশের বিভিন্ন থানায় আজাদের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে শাফায়াত জামিল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে রাতে দাউদপুর এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আবুল কালাম আজাদ ও তার দুই সহযোগীকে আটক করা হয়।
“জিজ্ঞাসাবাদে তারা বলেছে, শনিবার ইউপি নির্বাচনে নাশকতা করার জন্য অস্ত্রগুলো তারা কিনে এনেছে। তাদের কাছে এক লাখ ২৯ হাজার টাকাও পাওয়া গেছে, যা দিয়ে আরও অস্ত্র কেনার কথা ছিল।”
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে আজাদের বাড়ি থেকে একটি শটগান, দুটি ওয়ান শুটারগান, ১০টি গুলি উদ্ধার করা হয় বলে জানান শাফায়াত।
এর আগে গত ২১ মে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী দাউদুল ইসলাম মিনারকে পাঁচ সহযোগীসহ আটক করে র্যাব।
তাদের কাছ থেকে দুটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা কথাও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল।
