টঙ্গীতে কভার্ডভ্যান চাপায় দুই ব্যবসায়ী নিহত
গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় কভার্ডভ্যান চাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মিলগেট তালতলা সোনালী রোডে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির জানান।
নিহতরা হলেন স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী বানু মিয়া (৪৫) ও ঝুট ব্যবসায়ী নুরে আলম (৫০)।
এসআই মনির বলেন, সোনালী রোডের পাশে বসে ওই দুজন দাবা খেলছিলেন। এসময় পাশের ওয়ার্কশপে সারাই করার পর একটি কভার্ডভ্যান পেছনে সরাতে গিয়ে তাদের চাপা দেয়।
“দ্রুত তাদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
