ফেনীর দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত
সীমানা জটিলতায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত।
বৃহস্পতিবার বিকালে নির্বাচন স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তা আফরোজা পারভীন জানান, ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতায় আক্রামুজ্জামান নামে স্থানীয় এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। ওই রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত গত ৩০ মে এই ইউনিয়নে নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেয়।
আর বালিগাঁও ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের সীমানা জটিলতায় নজরুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। ওই রিট আবেদনে একই দিন এ ইউনিয়নের নির্বাচনের উপরও উচ্চ আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে বলে জানান তিনি।
ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন এ দুই ইউনিয়নসহ সদর উপজেলার ১৭ ইউনিয়নে ভোটগ্রহণের কথা ছিল। বাকি ১৫ ইউনিয়নে যথা নিয়মে ভোটগ্রহণ হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা।
