সুন্দরবনে অবমুক্ত ৩ হাজার পাখি
সুন্দরবন থেকে শিকার করে আনা বিরল প্রজাতির তিন হাজার পাখি উদ্ধারের পর আবার বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয় বলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক রাজু আহমেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাজু আহমেদ বলেন, “দুপুরে গোপন সংবাদ পেয়ে আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরের মশারি ও খাঁচার ভেতর থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
“অভিযান টের পেয়ে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়।”
রাজু আহমেদ বলেন, প্রায় এক বছর আগে রুহুল আমিন (৩৮) নামে এক ব্যক্তি আব্দুল জলিলের বাড়ি ভাড়া নেন। সুন্দরবন থেকে পাখি শিকার করে এনে ওই বাড়িতে রেখে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, “সুন্দরবনের গহীনে মুনিয়া, টিয়া ও ঘুঘু পাখির বিচরণ ক্ষেত্র। চোরা শিকারীরা এসব পাখি শিকার করায় দিন দিন তা কমে যাচ্ছে।
চক্রটিতে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
