বৃদ্ধের হাত-পা ভাঙলেন ‘ভূমি কর্মকর্তা’
জয়পুরহাটে পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ও বুকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষেতলাল উপজেলা ভূমি কর্মকর্তা ও তার স্বজনদের বিরুদ্ধে।
বুধবার পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, রোববার উপজেলার পানিয়াল গ্রামে এ ঘটনায় ক্ষেতলাল উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আহত হায়বর আলী (৭০) জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বরাত দিয়ে বরাত দিয়ে ওসি বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের পশ্চিম মাঠের কিছু জমি নিয়ে মোফাজ্জলের সঙ্গে হায়বরের বিরোধ চলছিল। রোববার সকাল ৭টার দিকে হায়বর ওই জমিতে ধান কাটতে যাচ্ছিলেন।
“পথে মোফাজ্জলসহ ও তার পাঁচ-ছয়জন আত্মীয় লাঠি, লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হায়বরের হাত-পা ও বুকের হাড় ভেঙ্গে দেয়।”
ওসি জানান, এ সময় হায়বরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে হায়বর আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার এ ঘটনায় হায়বর আলীর মেয়ের জামাই ইদ্রিস আলী বাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বলে জানান তিনি।
জয়পুরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু জাফর জানান, হায়বর আলীর এক হাত, এক পা ও বুকের একটি হাড় ভেঙ্গে গেছে। তিনি আশঙ্কামুক্ত আছেন। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে মোফাজ্জল হোসেন বলেন, “নিউজটি কি করতেই হবে?”
