২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ২ যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে সাত বছর আগে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা মামলায় দুই যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমজাদ হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে পিপি আব্দুর রাজ্জাক জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তবকপুর সরদারপাড়ার দারোগ আলীর ছেলে নুর হোসেন (২৫) ও মোন্নাফের ছেলে রাশেদুল হক (২৩)।

একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামলার বরাত দিয়ে পিপি বলেন, উলিপুরের তবকপুর মিস্ত্রীপাড়া এলাকার এসএসসি পরীক্ষার্থী (১৬)  ওই মেয়েকে স্কুলে যাতায়াতের পথে নুর হোসেন ও রাশেদুল উত্ত্যক্ত করত। এ ঘটনায় মেয়েটির পরিবারের লোকজন আসামিদের অভিভাবকের কাছে বিচার দেয়।

এর জেরে ২০০৯ সালের ১৪ এপ্রিল দুপুরে স্কুল থেকে ফেরার পথে আসামিরা মেয়েটিকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে নুর হোসেনকে আটক করে।

পরে খবর পেয়ে নুর হোসেনের স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানান রাজ্জাক।

তিনি জানান, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নুর হোসেন ও রাশেদুল হকসহ চার জনের বিরুদ্ধে মামলা করলে মামলার তদন্ত কর্মকর্তা দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।