‘চাঁদাবাজির’ প্রতিবাদে নীলফামারীতে পরিবহন ধর্মঘট
‘চাঁদাবাজির’ প্রতিবাদে বুধবার নীলফামারীতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি আখতার হোসেন বাদল এ খবর নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেশ কিছুদিন থেকে সৈয়দপুর পৌরসভার লোক পরিচয় দিয়ে কতিপয় যুবক সড়ক-মহাসড়কে ৫০ টাকা করে চাঁদা তুলে আসছে।
“এটি বন্ধের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা কর্ণপাত করেনি। এ কারণে বুধবার সকাল-সন্ধ্যা জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে।”
এ নিয়ে কথা বলতে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগ করেও পাওয়া যায়নি।
