২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামে ইউএনওকে মারধর: প্রধান আসামি আ. লীগ নেতার জামিন

ফেনীর পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারের উপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি খারুল বাশার মজুমদার তপন জামিন পেয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 07:20 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার  বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানান পিপি হাফেজ আহম্মদ।

তবে মামলার বাকি সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিকে মঙ্গলবার দুপুরে ফেনীর দ্রুত বিচার আদালতে মামলাটির অভিযোগ গঠনের দিন থাকলেও  হয়নি।

মামলার নথি জজ আদালতে থাকায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মোহাম্মদ বদিউল আলমের অভিযোগ গঠন না করে পরবর্তী শুনানির জন্য আগামী ৬ জুন তারিখ রেখেছেন।

একই আদালত গত ২৬ মে অভিযোগ আমলে নিয়ে আগামী ৩১ মে অভিযোগ গঠনের দিন রাখে।

গত ৬ মে দুপুরে পরশুরাম উপজেলার ধনিকুন্ড এলাকায় নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খানের একটি অনুষ্ঠান স্থলের পাশে মারধরের শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দার।

ওইদিন বিকালে ইউএনওর গাড়ি চালক আবুল কাশেম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে পরশুরাম থানায় মামলা করেন।

ওই মামলায় এজহারনামীয় সাতজনসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৬ মে পরশুরাম থানার ওসি আবুল কাশেম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি খারুল বাশার মজুমদার তপন, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জা, পরশুরাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, স্থানীয় যুবলীগ নেতা মহিউদ্দিন পারভেজ, ফারুক আহমদ (জসিম উদ্দিন বুইজ্জার ভাই), যুবলীগ নেতা মো. মহিউদ্দিন, আবু তৈয়ব মাসুদ ও নুর আহম্মদ রাশু।