সড়কে ধান ফেলে কৃষকের প্রতিবাদ
ধানের ন্যায্য মূল্যের দাবিতে সড়কে ধান ফেলে প্রতিবাদ জানিয়েছে রংপুরের বোরো চাষিরা।
মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ শেষে সড়কে ধান ফেলে এ বিক্ষোভ দেখান কয়েকশ বোরো চাষি।
সমাবেশে সাতমাথা এলাকার বোরো চাষি আব্দুস সাত্তার প্রামানিক বলেন, এ বছর এক মণ বোরো ধান উৎপাদনে খরচ হয়েছে ৮০০ টাকা। সেই ধান বিক্রি করতে হচ্ছে ৪৫০-৫৫০ টাকা দরে।
সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব খাসবাগ এলাকার বোরো চাষি আব্দুল জলিল বলেন, “তিন একর জমিত বোরো আবাদ করি ধান পাচি ৩১০ মণ। ৪৫০ থাকি ৫৫০ টাকা মণ দরে ধান বেচাইলে অর্ধেকের মতন লোকসান হয়”।
“সরকারি গুদামে ধান বেচতে গেলে স্লিপ লাগে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির কাছে তিন দিন ঘুরিয়াও একটা স্লিপ জোটে নাই।”
৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঙ্গুর মিয়া বলেন, “জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে ১৮ মেট্রিক টন ধানের বরাদ্দ পাওয়া গেছে। চাহিদা এক হাজার মেট্রিক টনের। বরাদ্দ পাওয়ার পরপরই তা কৃষি ভর্তুকি কার্ডধারি কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য পলাশ কান্তি নাগ, বোরো চাষি আব্দুস সাত্তার প্রামানিক, এমদাদুল হক প্রমুখ।
বক্তারা ন্যায্যমূল্য নিশ্চিত করতে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যে ধান কেনার দাবি জানান।
এর আগে একই দাবিতে রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটে, পীরগাছা উপজেলার নব্দীগঞ্জেও বিক্ষোভ সমাবেশ করে কৃষকরা।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আশরাফ আলী বলেন, “এ বছর প্রতি কেজি বোরো ধান উৎপাদনে খরচ পড়েছে ২০ টাকা। এ হিসেবে মণ প্রতি খরচ পড়ে ৮০০ টাকা । হাট-বাজারে কৃষক প্রতি মণ ধান বিক্রি করছেন ৪৫০-৫৫০ টাকা। এতে তাদের লোকসান হচ্ছে।
সরকার বোরো ধানের কেজি ২৩ টাকা নির্ধারণ করলেও বরাদ্দ কম থাকায় বেশিরভাগ কৃষক সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারছেন না বলে জানান তিনি।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয় জানিয়েছে, এ বছর রংপুর জেলায় এক লাখ ৫৪ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ২২ হাজার ১৬০ মেট্রিক টন। মঙ্গলবার পর্যন্ত লক্ষ্যমাত্রার শতকরা ৮০ ভাগ জমির ধান কাটা-মাড়াই সম্পন্ন হয়েছে।
