শিক্ষক রেজাউল হত্যা: রাবির আরও ২ শিক্ষার্থী আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যায় গ্রেপ্তার এক জেএমবি সদস্যের দেওয়া তথ্যে আরও দুই ছাত্রকে আটকের খবর জানিয়ে পুলিশ বলছে, তারাও নিষিদ্ধঘোষিত সংগঠনটির সদস্য।
রোববার গভীররাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে তাদের আটক করা হয় বলে জানান সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।
আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল গাফফার ও মাহবুবুর রহমান।
এক মাস আগের ওই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে রহমতুল্লাহসহ জেএমবির পাঁচ সদস্য ও শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। শিবিরের ওই নেতা মারা গেছেন।
সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রহমতুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে হলের ২৩৬ ও ৪৪২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে গাফফার ও মাহবুবুরকে আটক করা হয়।
“তারা দুজনই জেএমবির সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে শিক্ষক হত্যার তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না- তা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।”
গাফফার ও মাহবুবুরকে নিয়ে ঘটনায় জড়িত অন্য জেএমবি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে দুই শিক্ষার্থীকে আটক করেছে বলে প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানিয়েছেন।
গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে নগরীর শালবাগান এলাকায় তার বাসা থেকে ৫০ গজ দূরে গলা কেটে হত্যা করা হয়।
