২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: প্রত্যক্ষদর্শীসহ ছয়জনের সাক্ষ্য

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় প্রত্যক্ষদর্শী, বস্তা ও সুতা বিক্রেতাসহ ছয়জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 09:05 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়।

এ সময় মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামি উপস্থিতি ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, সাত খুনের ঘটনায় এক বিচারক ও প্রত্যক্ষদর্শীসহ ছয় সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

পরে আদালত আগামী ৬ জুন মামলার নতুন তারিখ রাখে বলে জানান তিনি।

এ পর্যন্ত সাত খুনের মামলায় ৬৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এতে মোট ১২৭ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

ছয় সাক্ষী হলেন নারায়ণগঞ্জের তৎকালীন মুখ্য বিচারিক হাকিম যাবিদ হোসেন, ঘটনার প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম খোকা ও তার মেয়ে রাবেয়া আক্তার আঁখি, মোয়াজ্জেম হোসেন শাহিন, ব্যবসায়ী শাহজাহান সাজু (বস্তা বিক্রেতা) ও মতিন হাওলাদার (সুতা বিক্রেতা)।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রত্যক্ষদর্শী মোয়াজ্জেম হোসেন শাহীন বলেন, “ঘটনার দিন তিনি সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে এবিএস পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জ আদালতে আসছিলেন। বাসটি খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে আসার পর দেখতে পান র‌্যাবের লোকজন একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে নামিয়ে চুলের মুঠি ধরে মাইক্রোবাসে তুলছেন। ”

“ওই সময় কালো রঙের একটি প্রাইভেট কার থামার নির্দেশ দেওয়া হলে সেটি না থামায় র‌্যাবের অপর একটি মাইক্রোবাস ধাওয়া করে কালো রঙের প্রাইভেটকারটিকে থামায়। কালো রঙের প্রাইভেট কারের পেছনের সিটে থাকা ব্যক্তির হাতটি তখন গাড়ির বাইরে ছিল।”

পরে একটি সুতার গুদামে বসে জানতে পারি, র‌্যাব সদস্যরা স্টেডিয়ামের সামনে থেকে কাউন্সিলর নজরুলসহ বেশ কয়েকজনকে তুলে নিয়ে গেছে, বলেন তিনি।

সাক্ষী শাহজাহান সাজু সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া মার্কেটে পুরাতন প্লাস্টিকের বস্তার ব্যবসা করেন।

Image
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

তিনি আদালতকে বলেছেন, “ঘটনার দিন ২০১৪ সালের ২৭ এপ্রিল বিকালে দুইজন ব্যক্তি এসে তার কাছ থেকে ২০ টাকা দরে ১৬টি প্লাটিকের বস্তা কিনে নিয়ে যায়।

ওই মার্কেটের ব্যবসায়ী অনিক এন্টারপ্রাইজের মালিক মতিন হাওলাদার বলেন, একই দিন ২ ব্যক্তি তার দোকান থেকে ৭০ টাকা কেজি দরে ৫ কেজি পাটের রশি এবং ২ কেজি সুতলি ক্রয় করেন।

“কিছুদিন পরে বস্তা, পাটের রশি এবং সুতলি ক্রয়কারী ব্যক্তিদের নিয়ে ডিবি পুলিশ তার দোকানে যায় এবং জানতে চায় এরাই কি তাদের দোকান থেকে বস্তা, রশি ও সুতলি ক্রয় করেছিল কিনা।”

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

লাশ উদ্ধারের পরপরই নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, র‌্যাবকে ছয় কোটি টাকা দিয়ে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেনসহ কয়েকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর নজরুল ইসলাম প্রধান টার্গেট হলেও সঙ্গে থাকায় তার গাড়ি চালকসহ চার সহযোগী এবং অপহরণের ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকে অপহরণের কথা পরে বের হয়ে আসে।

এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা করেন।